সিএনএনের একজন নারী সাংবাদিককে ব্যক্তিগতভাবে আক্রমণ করে গতকাল সোমবার হোয়াইট হাউস থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দেওয়া হয়। এসব পোস্টে ওই সাংবাদিকের সন্তানদের প্রসঙ্গও টানা হয়।

সিএনএনের জ্যেষ্ঠ হোয়াইট হাউস প্রতিবেদক ক্রিস্টেন হোমসকে নিশানা করে হোয়াইট হাউসের ওই পোস্ট দেওয়া হয়। পোস্টে হোমসের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘জঘন্য ও অমানবিক একটি প্রশ্ন’ করার অভিযোগ তোলা হয়েছে।

গত রোববার একটি বক্তৃতায় ডেমোক্র্যাট সিনেটর জন অসফ প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে মন্তব্য করেন, যা ব্যাপকভাবে আলোচনায় আসে। পরদিন ওভাল অফিসের সংবাদ সম্মেলনে অসফের ওই বক্তব্য নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চান হোমস।

জর্জিয়ার সিনেটর অসফ একটি জনসমাবেশে বলেছিলেন, ‘ট্রাম্প যে কাজটা করার কথা, সেটা করতে চান না; বরং তিনি নিজের বলরুম তৈরি করতে চান এবং নাটালির সঙ্গে কাতারের আমিরের উপহার দেওয়া অরক্ষিত উড়ন্ত প্রাসাদে ভ্রমণ করতে চান।’

এ মন্তব্যে প্রেসিডেন্টের নির্বাহী সহকারী নাটালি হার্পের প্রতিই ইঙ্গিত করা হয়েছে বলে ধরা হয়। এর ফলে ট্রাম্পের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে প্রশ্ন ও আলোচনা শুরু হয়।

ওভাল অফিসে সংবাদ সম্মেলনে অসফের মন্তব্য প্রসঙ্গে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চাইলে প্রেসিডেন্ট ওই প্রশ্ন এড়িয়ে যান এবং ওই সিনেটরকে ‘পি-উই হারম্যানের মতো দেখতে’ বলে কটাক্ষ করেন। ‘পি-উই হারম্যান’ যুক্তরাষ্ট্রে একটি জনপ্রিয় কৌতুক চরিত্র।

পরে হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে কথোপকথনের একটি ভিডিও ক্লিপ পোস্ট করা হয় এবং হোমসকে ট্যাগ করে তাঁকে ‘তাঁর পেশার (সাংবাদিকতা) জন্য লজ্জাজনক ও অপমানজনক একজন বিব্রতকর ব্যক্তি’ বলে অভিহিত করা হয়।

পোস্টে হোমসের বিরুদ্ধে হোয়াইট হাউসের একজন কর্মীর সঙ্গে ‘বাজে আচরণ’ করার অভিযোগও তোলা হয়। সেখানে আরও লেখা হয়, ‘এই জঘন্য মানুষগুলো সবচেয়ে নীচ লোকেদের চেয়েও নীচ।’

এরপর হোয়াইট হাউস হোমসের সমালোচনা করে আরেকটি পোস্ট দেয়। ওই পোস্টে লেখা হয়, ‘একদিন আপনার সন্তানেরা আপনার করা সেই জঘন্য ও অমানবিক প্রশ্নটি দেখতে পাবে। এতটা নির্মম ও প্রতিহিংসাপরায়ণ একজন মানুষকে বাবা-মা হিসেবে পেয়ে তারা বীতশ্রদ্ধ ও বিব্রত হবে। বিষয়টি সত্যিই উদ্বেগজনক।’

ওভাল অফিসের ওই অনুষ্ঠানে ট্রাম্পও সরাসরি হোমসের সমালোচনা করেন। একপর্যায়ে তিনি বলেন, ‘চুপ, চুপ, চুপ। আপনি খুবই অসম্মানজনক আচরণ করছেন।’

এর জবাবে হোমস বলেন, তিনি সিএনএনের হয়ে কাজ করেন। ট্রাম্প পাল্টা বলেন, ‘ভুয়া খবর, আপনি ভুয়া খবর। আপনি খুবই উচ্চকণ্ঠ ও বাচাল একজন মানুষ। আপনি ভুয়া খবর। চুপ করুন। চুপ করুন। আপনি একজন ভুয়া সাংবাদিক এবং আপনি ভুয়া খবর পরিবেশন করেন।’

হোমস এরপরও নিজের প্রশ্নটি করে যাওয়ার চেষ্টা করলে ট্রাম্প তাঁর কথার ওপর কথা বলতে থাকেন; ফলে তিনি প্রশ্নটি শেষ করতে পারেননি।

এ অবস্থায় সিএনএন হোমসের পক্ষে অবস্থান নেয়। সিএনএন থেকে দেওয়া এক বিবৃতিতে হোমসকে ‘হোয়াইট হাউসের সংবাদ সংগ্রহকারী সবচেয়ে সম্মানিত ও দক্ষ সাংবাদিকদের একজন’ বলে অভিহিত করা হয়েছে।

নেটওয়ার্কটি আরও বলেছে, হোমস মার্কিন জনগণের পক্ষ থেকে একটি কঠিন, প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন। সরকারি কর্মকর্তারা তাঁদের অপছন্দের সংবাদ প্রতিবেদন নিয়ে আপত্তি জানাতেই পারেন। কিন্তু প্রশ্ন করার কারণে সাংবাদিকদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা ওই পদমর্যাদার সঙ্গে মানানসই নয় এবং মুক্ত সংবাদমাধ্যমের নীতিরও পরিপন্থী।

এর আগেও ট্রাম্প নারী সাংবাদিকদের আক্রমণ ও অপমান করে কথা বলেছেন।