গোপালগঞ্জের মুকসুদপুরে ঋণের বোঝা বইতে না পেরে লিটন কাজী (৩২) নামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে তার মরদেহ দেখে শোক সহ্য করতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তার বাবা মান্নান কাজী (৬০)। একই দিনে বাবা ও ছেলের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

সোমবার (১৭ আগস্ট) উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঋণের প্রবল চাপে দিশেহারা হয়ে লিটন কাজী বিষপান করেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে লিটনের মরদেহ বাড়িতে আনা হলে তা মান্নান কাজী মেনে নিতে পারেননি। ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ার একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত লিটন কাজীর ১০ বছর বয়সী একটি মেয়ে এবং ৭ বছর বয়সী একটি ছেলে রয়েছে। ওই রাতেই পাশাপাশি বাবা ও ছেলের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়।

মহারাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদ হোসেন একই দিনে বাবা ও ছেলের এই করুণ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, "আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লিটন কাজীর মরদেহ হস্তান্তর করা হয়েছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।"