মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে বাসের অন্তত সাত যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেজগাঁও এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরগুনার পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রাজীব পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলার সময় সড়কদ্বীপের (রেলিং) সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আহত যাত্রীদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—পিরোজপুরের অর্চনা মিলি (২৫), কানিজ ফাতেমা (২৩), রাজু (১৭), নুরনবী (৩০), ইব্রাহিম (৪০), মরিয়ম (৫৫) এবং বরগুনার সাউদা বেগম (৩৫)।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, "খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বরগুনার পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রাজীব পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলার সময় সড়কদ্বীপের (রেলিং) সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।"
তিনি আরও জানান, "ঘটনাস্থল থেকে সাতজন আহত যাত্রীকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।"