পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে। দীর্ঘদিন ধরে ইমরান খানের দল ও পরিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি এবং হাসপাতালে নেওয়ার দাবি জানিয়ে আসছিল।

ক্রিকেটার থেকে রাজনীতিতে যুক্ত হওয়া ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হয়। এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন ইমরান খান এবং তাঁর দল।

গত বছর ইমরান খানের ছেলেরা তাঁর শারীরিক অবস্থার অবনতির বিষয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেন। তাঁর আইনজীবীরাও জানান, কারাগারে থাকার সময় ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই কমে গেছে তাঁর।

পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারি সুপ্রিম কোর্টের আদেশকে স্বাগত জানান। তিনি বলেন, ‘এটি খুবই স্বস্তিদায়ক একটি আদেশ। তবে আমরা চাইতাম, এটি আরও আগেই হোক। তাহলে তাঁর চোখ ও সামগ্রিক স্বাস্থ্যের এতটা অবনতি হতো না।’

ইমরান খানের মুখপাত্র নাইম হায়দার পানজুথা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, আদালত ইমরানকে ৪৮ ঘণ্টার মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে সেখানে রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় উপহার গ্রহণে অনিয়ম এবং বেআইনিভাবে বিয়ে করার মামলা রয়েছে। এসব মামলায় ইমরান খানের বিরুদ্ধে আদালতের দেওয়া কিছু সাজা স্থগিত বা বাতিল হয়েছে। তবে কিছু মামলা এখনো আদালতে বিচারাধীন। ইমরান খান তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান ক্রিকেট তারকারা ইমরানের সঙ্গে কারাগারে ভালো আচরণের দাবি জানানোর পাশাপাশি কারাগারে তাঁর পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছিলেন।

২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়ে পাকিস্তানে সরকার গঠন করেছিল ইমরানের দল পিটিআই। এখনো দেশটির কয়েকটি গুরুত্বপূর্ণ প্রদেশে দলটির বড় সমর্থকগোষ্ঠী রয়েছে। তবে ২০২৪ সালের নির্বাচনের আগে পিটিআইয়ের নির্বাচনী প্রতীক বাতিল করে দেওয়া হয়, ফলে দলটির প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে হয়েছিল।