নেপালের হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি এলাকা। এরই মধ্যে তীব্র স্রোতে ভেসে আসা একটি ব্যাংকের লকারকে কেন্দ্র করে ঘটেছে অদ্ভুত এক অপরাধের ঘটনা।

পুলিশ জানিয়েছে, লকারটি ভেঙে ভেতরের অর্থ লুটের অভিযোগে ২৯ জনকে আটক করা হয়েছে।

সূত্রে জানা গেছে, বন্যায় রাসুয়া জেলার ভোটেকোশি নদী দিয়ে লকারটি ভেসে যায়। পরে ধাদিং জেলার গালছি গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলখুখোলা এলাকায় ত্রিশূলী নদীর তীরে লকারটি পাওয়া যায়।

ধাদিং পুলিশ জানায়, স্থানীয় লোকজন লকারটি ভেঙে ভেতরের অর্থ বের করে নেওয়ার খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত শুরু করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তল্লাশিতে ২৯ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ লাখ টাকা।

আটকদের বেশিরভাগই গালছি এলাকার মাস্তার গ্রামের বাসিন্দা। কয়েকজনের বাড়ি গালছির আদমঘাট ও সিদ্ধালের আদমতারে। বাকিদের আদি বাড়ি চিতওয়ান ও পারসায়, তবে তারা বর্তমানে ধাদিংয়ে থাকতেন। আটকদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে।

উদ্ধার হওয়া অর্থের প্রকৃত উৎস নির্ধারণে কাজ করছে পুলিশ। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করা হচ্ছে।

এদিকে আরেকটি মর্মান্তিক ঘটনায় নারায়ণী নদীর স্রোতে ভেসে আসা এক নারীর মৃতদেহ থেকে সোনার কানের দুল চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়। ভিডিওতে দেখা যায়, বন্যার পানিতে ভেসে আসা এক নারীর মৃতদেহ থেকে তারা সোনার কানের দুলের মতো কিছু খুলে নিচ্ছেন।

শনিবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় নিখোঁজের সংখ্যা এখন ২ হাজার ৪২৬ এবং নিশ্চিত মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৬৯ হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজের সংখ্যা হঠাৎ বেড়েছে। শুক্রবার রাতে যা ছিল ১ হাজার ৯২৪।

তবে বিদেশি নাগরিকদের নিখোঁজের সংখ্যা অপরিবর্তিত। কর্তৃপক্ষ জানিয়েছে, ৫১৭ বিদেশি নাগরিক এখনো নিখোঁজ।

বন্যা আঘাত হানার তিন দিন পর এই নতুন পরিসংখ্যান প্রকাশ পেল। বন্যাকবলিত এলাকায় এখনো তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।