ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া নির্দেশনা অমান্য করার অভিযোগে মামলা দায়ের করেছে কলকাতার হেস্টিংস থানা-পুলিশ। তৃণমূল কংগ্রেসের ছাত্রসংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার বিড়লা তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডের এক পাশে সমাবেশ ও অনুষ্ঠানের অনুমতি দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে উল্লেখ ছিল, দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই কর্মসূচি চলবে এবং ক্যাথিড্রাল রোডের একটি লেনে সভা হবে অন্যদিকে যানবাহন চলাচলের জন্য আরেকটি লেন খোলা রাখতে হবে।
তবে মামলায় অভিযোগ উঠেছে, নির্ধারিত সময় পার হওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায় সমাবেশ চালিয়ে যান। এছাড়া সভার আয়োজকরা ও তৃণমূল ছাত্র পরিষদের নেতারা হাইকোর্টের নির্দেশ অমান্য করেন। তারা পুলিশের ব্যারিকেড জোর করে সরিয়ে ফেলেন এবং দায়িত্বরত পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এর ফলে দুই লেনই বন্ধ হয়ে যায় এবং এলাকায় যানজটের সৃষ্টি হয়।
একই দিনে কলকাতার ধর্মতলার কাছে রানি রাসমণি অ্যাভিনিউতে বিদ্রোহী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল ছাত্র পরিষদ আলাদাভাবে সভা করেছে। এদিকে জাতীয় কংগ্রেসও কলকাতার মহাজাতি সদনে তাদের ছাত্রসংগঠন ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।