জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজশাহীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা একটি মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ মোট ৩৮ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ মঙ্গলবার ট্রাইব্যুনাল এই সিদ্ধান্ত গ্রহণ করে।

মামলার আসামিদের মধ্যে রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ চারজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। আগামী ২৩ আগস্ট তাঁদের ট্রাইব্যুনাল-২-এ হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং বোয়ালিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরসহ মামলার আরও ৩৪ জন আসামি পলাতক। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল-২ এবং তাঁদেরও গ্রেপ্তার করে ২৩ আগস্ট আদালতে হাজির করতে বলা হয়েছে।

গত ৩০ জুলাই রাষ্ট্রপক্ষের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছিল।

ঘটনার বিষয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ মুক্তকণ্ঠকে বলেন, "জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজশাহীতে রায়হান আলী ও আনজুম সাকিব নামের দুজন আন্দোলনকারীকে হত্যা করা হয়। অনেককে গুরুতর আহত করা হয়। মানবতাবিরোধী অপরাধের এই ঘটনায় মামলাটি হয়।"