ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বকেয়া পাওনা আদায়ের দাবিতে দুটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে শ্রম মন্ত্রণালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির উদ্যোগে আজ মঙ্গলবার এই কর্মসূচি পালন করেন ভুক্তভোগী শ্রমিকেরা। জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির নেতা-কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকাল ১০টার দিকে আশুলিয়ার বগাবাড়ী বাসস্ট্যান্ডে ইনজেনিটেক্স বিডি লিমিটেড ও ইনজেনিটেক্স অ্যাকটিভ লিমিটেডের শ্রমিকেরা জড়ো হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা আশুলিয়ার বাইপাইল এলাকায় গিয়ে শেষ হয়। ওই এলাকায় শ্রমিকেরা সমাবেশ করেন এবং পরবর্তীতে পুনরায় একটি বিক্ষোভ মিছিল বের করে বগাবাড়ী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ করেন।

সমাবেশে বিক্ষুব্ধ শ্রমিকেরা অভিযোগ করেন, গত মার্চ মাসে ঈদের ছুটির সময় তাদের জানানো হয়েছিল যে ঈদের আগেই বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করা হবে। তবে তা করা হয়নি। এরপর কয়েক দফায় ছুটি বাড়ানো হয় এবং একপর্যায়ে এপ্রিল মাসে কারখানা দুটি বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে শিল্পাঞ্চল পুলিশ ও কলকারখানা অধিদপ্তরের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বোনাস এবং বকেয়া এক মাসের বেতনের ২৫ শতাংশ পরিশোধ করে। তবে বেতনের বাকি অংশ এবং সার্ভিস বেনিফিটসহ অন্যান্য পাওনা এখনো পরিশোধ করা হয়নি। এছাড়া কারখানার স্টাফদের কারও পাঁচ মাস, আবার কারও ছয় মাসের বেতনসহ অন্যান্য সুবিধা বকেয়া রয়েছে বলে তারা জানান।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম দাবি করেন, কারখানা দুটি বন্ধ হওয়ার পর পাওনা পরিশোধের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে দুই দফা চুক্তি হলেও অধিকাংশ শ্রমিক এখনো তাদের পাওনা বুঝে পাননি। তিনি জানান, এই দুই কারখানায় দুই হাজারের বেশি শ্রমিকের মধ্যে মাত্র ১২০ জনের পাওনা পরিশোধ করা হয়েছে, এরপর বাকি শ্রমিকদের টাকা দেওয়া বন্ধ রাখা হয়েছে। অনেক শ্রমিকের পাঁচ থেকে ছয় মাসের বেতনসহ অন্যান্য পাওনাদি বকেয়া রয়েছে।