জুলাই-আগস্টের গণ-আন্দোলনের সময় নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৬৬ জন বন্দির কোনো নথি বর্তমানে কারা অধিদপ্তরের কাছে নেই। মঙ্গলবার (১৮ আগস্ট) কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন।

সংবাদ সম্মেলনে আইজিপি জানান, বর্তমানে মোট ৬৯০ জন আসামি পলাতক রয়েছেন। এর মধ্যে নরসিংদী কারাগারের ১৬৬ জনের তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। তিনি বলেন, "৬৯০ জন আসামি এখনও পলাতক আছেন। এর মধ্যে নরসিংদীর কারাগার থেকে পালানো ১৬৬ জনের তথ্য আমরা এখনও সংগ্রহ করতে পারছি না। বাকি তথ্যগুলো আমাদের কাছে আছে এবং সুনির্দিষ্টভাবে তাদের নামে মামলা করা হয়েছে। আর এই ১৬৬ জনের তথ্য আদালত থেকে আমরা সংগ্রহ করার চেষ্টা করছি। যেহেতু কারাগারের সব সার্ভার তখন পুড়ে গিয়েছিল তাই এই সমস্যা হয়েছে।"

পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ৯ জন জঙ্গির কথা উল্লেখ করে তিনি জানান, তাদের মধ্যে তিনজন এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

কারাগারের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও ধারণক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মহাপরিদর্শক বলেন, "ধারণক্ষমতার সমস্যায় দুর্ধর্ষ আসামিদের কারাগারে আলাদা করে রাখা যাচ্ছে না। সাধারণ আসামিরা হয়তো কারাগারে জঙ্গিদের সংস্পর্শে এসেছে। ১ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রায় ২৬ হাজারের অধিক মোবাইল কোর্টে কনভিক্টেড আসামি আমরা পেয়েছি।"

বন্দিদের অতিরিক্ত চাপ কমাতে এবং ব্যবস্থাপনা উন্নত করতে নতুন কারাগার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এরই মধ্যে দুটি কেন্দ্রীয় কারাগার এবং আটটি জেলা কারাগার চালু করা হয়েছে।