মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক অজ্ঞাত গাড়ির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি রাস্তার পাশে দুটি গাছের মাঝখানে আটকে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা বিশেষ সরঞ্জামের সাহায্যে গাড়িটি কেটে চালককে জীবিত উদ্ধার করেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ভবেরচর কলেজ রোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ‘আলিফ কাচ্চি রেস্টুরেন্ট’-এর সামনে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনাটি ঘটে। আহত চালকের নাম ইস্কান্দার মিয়া (৫১), তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাসিন্দা।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর অত্যাধুনিক ‘স্প্রেডা ‘ ইকুইপমেন্ট ব্যবহার করে কাভার্ডভ্যানের ভেতর আটকে থাকা চালককে দক্ষতার সঙ্গে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গুরুতর আহত চালককে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই অজ্ঞাত গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং সংশ্লিষ্ট গাড়িটি শনাক্ত করতে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।