চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই স্কুলশিক্ষার্থীসহ চারজন মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ও দুপুরে উপজেলার মুসলিমপুর ও কানসাট এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন—শিবগঞ্জের বালিয়াদিঘি গ্রামের জমির উদ্দীনের ছেলে ট্রাকের হেলপার আবু হায়াত এবং সাদিকুল ইসলামের ছেলে ট্রাকশ্রমিক হাবিবুর রহমান। অপর দুর্ঘটনায় নিহত দুজন হলেন—শিবগঞ্জ পৌরসভার শেখটোলা মহল্লার এরফান আলীর ছেলে আসাদ আলী এবং জাফর আলীর ছেলে জাবের আলী। আসাদ ও জাবের শিবগঞ্জের উজিরপুর-বাবপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে কাজ শেষ করে কানসাট থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আবু হায়াত ও হাবিবুর। শিবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের মুসলিমপুর এলাকায় পৌঁছালে তাদের দ্রুতগতির মোটরসাইকেলটি একটি নির্মাণাধীন কালভার্টে সজোরে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পুকুরিয়া-কানসাট এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল নিয়ে আসাদ ও জাবের একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আসাদ আলী এবং হাসপাতালে নেওয়ার পথে জাবের আলীর মৃত্যু হয়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান, "ভোরে নিহত হায়াত ও হাবিবুরের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের আইনি কার্যক্রম চলমান রয়েছে।"