বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনিউর্সের (বিএফডব্লিউই) ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। গত বুধবার (১২ আগস্ট) ঢাকার গুলশান ক্লাবের প্যান এশিয়া হলে দায়িত্ব হস্তান্তরের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিএফডব্লিউইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৩১ জুলাই বিএফডব্লিউইর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়। এরপর ১২ আগস্ট বিদায়ী নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে।
নবনির্বাচিত এই নির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খাদিজা আফজাল। জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন নাজনীন কামাল এবং সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সাদেকা হাসান সেজুতি। সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পেয়েছেন সানজিদা সুলতানা। এছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন ফাইজা আহমেদ এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা খান। যুগ্ম কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন শারমিন জাহান অরণ্য।
কমিটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন নিলুফার করিম, রুবিনা হুসাইন, রেবেকা আবেদিন, ফারহানা এ আহসান, খুরশিদা আহমেদ পলি ও মাহজাবীন হাশিম। পাশাপাশি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন পারভীন মাহমুদ, ইয়াসমিন আহমেদ, নাদিয়া বিনতে আমিন ও নাজমা মাসুদ পারুল।
উল্লেখ্য, বাংলাদেশের নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও ক্ষমতায়নের অগ্রদূত প্রয়াত রোকিয়া আফজাল রহমান ছিলেন বিএফডব্লিউইর প্রতিষ্ঠাতা।