দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬১টি শিশু।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮১৯টি শিশু এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশু প্রাণ হারিয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৮ জনে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫৯টি শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২ জন। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৩টি শিশু এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৬৭টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৭৮০ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৮৯। এর মধ্যে মোট ১ লাখ ২৬ হাজার ২৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যাদের মধ্যে ১ লাখ ২১ হাজার ৮৮০ জন সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন।