যশোর কেন্দ্রীয় কারাগারে কারাবন্দী বড় ভাইয়ের মৃত্যুতে ছয় ঘণ্টার বিশেষ প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নিয়েছেন কুষ্টিয়ার এক আওয়ামী লীগ নেতা। এই শোকাতুর মুহূর্তে তিনি তার পরিবারের সদস্যদের কারাবন্দি হওয়ার পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও তার ভাই আতাউর রহমানকে দায়ী করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

সোমবার (১৭ আগস্ট) মাগরিবের নামাজের পর কুষ্টিয়ার দহকোলা বাজার ঈদগাহ মাঠে হাবিল বিশ্বাসের জানাজা অনুষ্ঠিত হয়। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোকজনিত কারণে হাবিল বিশ্বাসের মৃত্যু হয়েছে।

জানা গেছে, একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে ২০২৩ সাল থেকে কুষ্টিয়া জেলা কারাগারে রয়েছেন আলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান বিশ্বাস। পরিবারের দাবি, একই মামলায় তার ছেলে ও ভাইসহ মোট সাতজন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

জানাজায় উপস্থিত হয়ে আখতারুজ্জামান বিশ্বাস বলেন, "আমাদের বড় শত্রু আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ ও তার ভাই আতাউর রহমান আতা। তারা চক্রান্ত করে আমাদের ফাঁসিয়েছেন।"

পরিবারের সাতজনকে কারাগারে পাঠানোর জন্য হানিফ ও আতাউর রহমান আতাকে শত্রু হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, "তাদের কোনো দিন মাফ করব না।"

একই সঙ্গে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান যেন ওই দুই নেতা কুষ্টিয়ায় প্রবেশ করতে না পারেন, সেজন্য প্রতিরোধ গড়ে তোলা হোক। নিজের রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে আখতারুজ্জামান বলেন, "ভোটে নির্বাচিত হয়েও পাঁচ বছর ইউনিয়নের মানুষের সেবা করতে পারেননি।"

উপস্থিত মানুষের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, "আমরা মজলুম। আমরা বাইরেও নির্যাতিত, জেলখানায়ও নির্যাতিত।"

স্থানীয় বাসিন্দাদের মতে, হাবিল বিশ্বাসের মৃত্যুতে আলামপুর ও আশপাশের এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। আখতারুজ্জামান বিশ্বাসের প্যারোলে আসার খবর ছড়িয়ে পড়লে দহকোলা ঈদগাহ মাঠে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন এবং তার বক্তব্য নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বুলু জানান, আখতারুজ্জামান বিশ্বাসের পরিবারের ওপর রাজনৈতিক ও আইনি চাপ তৈরি করা হয়েছে বলে এলাকায় দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। পরিবারের একাধিক সদস্য কারাগারে থাকায় তারা চরম দুর্ভোগের শিকার হয়েছেন বলেও তিনি দাবি করেন।

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, আদালতের আদেশে আখতারুজ্জামান বিশ্বাসকে ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা ও দাফন সম্পন্ন করার পর কড়া পুলিশি পাহারায় গভীর রাতে তাঁকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।