রাজধানীর শাহজাহানপুর এলাকায় দোতলা ‘পিংক বাস’ নিয়ে ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে পড়েন এক নারী চালক। তবে বড় ধরনের দুর্ঘটনা ও যানজট এড়াতে এক পুরুষ চালকের সহযোগিতায় বাসটি নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। বুধবার (১৯ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, নারী যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া এই বিশেষ সেবার চালক ফাহিমা সানজান দোতলা বাসটি নিয়ে ফ্লাইওভারে ওঠার চেষ্টা করেন। কিন্তু ফ্লাইওভারের ঢাল বেয়ে বাসটি ওপরে তুলতে ব্যর্থ হয়ে তিনি তাৎক্ষণিকভাবে সেটি থামিয়ে দেন। এসময় বাসে থাকা নারী যাত্রীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা দেখা দিলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরবর্তীতে এক পুরুষ চালক এগিয়ে এসে বাসটি চালিয়ে ফ্লাইওভারে তোলেন।
এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চালু করা এই ‘নারী বাস’ সার্ভিসে উদ্বোধনের পরদিনই যাত্রীসংকটের চিত্র দেখা গেছে। মতিঝিল বাস পয়েন্ট থেকে মিরপুর-১০ অভিমুখী একটি দোতলা গোলাপি বাসে দেখা যায় হাতে গোনা কয়েকজন যাত্রী।
সরেজমিনে দেখা যায়, বাসটির ওপরের তলা পুরোপুরি ফাঁকা এবং নিচতলায় ছিলেন মাত্র দুজন নারী যাত্রী। মতিঝিল থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত যাত্রী সংখ্যা দুজনই থাকে এবং পরবর্তীতে সায়েন্স ল্যাব মোড়ে একজন শিক্ষার্থী বাসে ওঠেন। যাত্রী কম থাকায় বাসটি কিছু নির্ধারিত পয়েন্টে থামেনি। একই সময়ে আবদুল্লাহপুর থেকে মতিঝিলগামী আরেকটি নারী বাসেও একই চিত্র দেখা যায়। শাহবাগ মোড়ে দেখা যাওয়া ওই বাসে মাত্র চার থেকে ছয়জন যাত্রী ছিলেন।