লিবিয়ার বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা আরও ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রত্যাবাসিত এই দলটিতে ৩ জন নারী, ১ জন শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।
বাংলাদেশ দূতাবাসের বিশেষ উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
এই বিষয়ে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়, "দেশে ফেরা ১৭৪ বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনিয়মিতভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় লিবিয়ার উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়। এর মধ্যে গ্যানফুদা ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন অবস্থান করেন তারা। পরিচয় যাচাই, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত এবং স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদনসহ বিভিন্ন প্রক্রিয়া শেষে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।"
দূতাবাস আরও জানিয়েছে, মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছানোর পর তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে অসুস্থ ১৫ জনের শারীরিক অবস্থার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফেরাতে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস। স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম-এর সঙ্গে নিয়মিত সমন্বয়ের মাধ্যমে প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ৭ আগস্ট ৩৪০ বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরেছিলেন। ফলে আগস্ট মাসেই দুই দফায় লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে মোট ৫১৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।