গাজীপুরের শ্রীপুরে মো. জজ মিয়া নামে এক কৃষক দল নেতার কার্যালয় লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। তিনি অক্ষত আছেন, তবে আতঙ্কে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজারসংলগ্ন আরএকে সিরামিকস কারখানার সামনে তাঁর নিজস্ব কার্যালয়ে এ ঘটনা ঘটে।

.

জজ মিয়া শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের জনাব আলীর ছেলে। তিনি গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি। গুলিতে তাঁর কার্যালয়ের দুটি অংশের কাচ ছিদ্র হয়ে গেছে।

স্থানীয় লোকজনের ভাষ্য, গুলির শব্দ পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসেন। এর আগেই গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় লোকজন কার্যালয়ের ভেতর থেকে জজ মিয়াকে উদ্ধার করে তাঁরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

.
একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি কার্যালয়ের সামনে আসেন। তাঁরা লেজার লাইট দিয়ে তাঁকে লক্ষ্য করেন। মুহূর্তের মধ্যেই দুই থেকে তিনটি গুলি ছোড়েন।
জজ মিয়া, কৃষক দল নেতা
.

চিকিৎসাধীন জজ মিয়া বলেন, রাতে তিনি তাঁর ব্যক্তিগত কার্যালয়ে বসে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি কার্যালয়ের সামনে আসেন। তাঁরা লেজার লাইট দিয়ে তাঁকে লক্ষ্য করেন। মুহূর্তের মধ্যেই দুই থেকে তিনটি গুলি ছোড়েন। পরে মোটরসাইকেল নিয়ে দ্রুত সেখান থেকে চলে যান তাঁরা। তিনি কাউকে চিনতে পারেননি। গুলির শব্দে তিনি আতঙ্কিত হয়ে পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম। কারা এ ঘটনায় জড়িত, তা তদন্তের পর জানা যাবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।