সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৪টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সাদ্দাম হোসেন (৩৫), তিনি নাটোর জেলার সিংড়া উপজেলার গোয়ালবাথান গ্রামের সাদেক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদ্দাম হোসেন পিকআপ ভ্যানে দুধ নিয়ে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। পাটধারী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেনের মৃত্যু হয় এবং পিকআপের চালক গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা অভিযোগ করেন যে, পুলিশ উদ্ধার কাজে দেরি করেছে। তারা প্রায় তিন ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায়, যা নিয়ে বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা নিহতের লাশ মহাসড়কে রেখে সড়ক অবরোধ করেন। এর ফলে ঢাকা-পাবনা মহাসড়কে দুই কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ডিউটি অফিসার সানোয়ার হোসেন পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানান, "জাতীয় জরুরি সেবার মাধ্যমে খবর পাওয়ার পরপরই পুলিশ দল পাঠানো হয়েছিল।"
হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কিশোর কুমার পাল বলেন, "দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে না পারায় পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়।" পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। নিহতের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।