দ্রুত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে দরপত্র প্রক্রিয়া ছাড়াই সরাসরি ক্রয়পদ্ধতির মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো ক্রয়ের আদেশ দেওয়া হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী আগস্ট মাসে চারটি কার্গো দেশে আসার কথা থাকলেও গতকাল সোমবার পর্যন্ত একটি কার্গোও পৌঁছায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কার্গোগুলো ঠিক কবে দেশে আসবে সে বিষয়ে এখনও কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। ফলে দেশে গ্যাসের সরবরাহ নিয়ে পুনরায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় খুব শিগগিরই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করা হচ্ছে না।