ফেনীর দাগনভূঞায় দুটি ফুট ওভারব্রিজ নির্মাণের অনুরোধ জানিয়ে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

গত সোমবার (১৭ আগস্ট) পাঠানো ওই চিঠিতে মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু উল্লেখ করেন, দাগনভূঞা এলাকার ওপর দিয়ে ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কটি চলে গেছে। এই মহাসড়কের সংলগ্ন এলাকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা ও আর্থিক প্রতিষ্ঠান অবস্থিত, যার ফলে এখানে প্রতিদিন প্রচুর মানুষের আনাগোনা থাকে। তবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফুট ওভারব্রিজ না থাকায় সেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

চিঠিতে আরও জানানো হয়, গত রোববার (১৬ আগস্ট) বিকেলে সিলোনীয়া এলাকায় বাসচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এর আগেও ওই স্থানে দুর্ঘটনার ফলে হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া বেকের বাজার এলাকাতেও প্রচুর মানুষের সমাগম হয়। এই পরিস্থিতি বিবেচনা করে সিলোনীয়া ও বেকের বাজার এলাকায় দুটি ফুট ওভারব্রিজ নির্মাণের জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

এ বিষয়ে আব্দুল আউয়াল মিন্টুর একান্ত সহকারী নাজমুল হুদা রাজু বলেন, "মাননীয় মন্ত্রী বিষয়টি অবগত হয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন। আমরা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি। আশা করছি দ্রুত দাগনভূইয়ার বেকের বাজার ও সিলোনিয়াতে দুটি ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু হবে।"