দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একই সাথে কমিশনের কমিশনার পদে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীর আলম খান ও মো. সাজ্জাদ হোসেন ভূইয়া।
মন্ত্রিপরিষদ বিভাগ আজ সোমবার এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, দুদকের চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতির সমান এবং কমিশনাররা হাইকোর্টের বিচারপতির সমান বেতন-ভাতা ও পদমর্যাদা লাভ করবেন।
নবন নিযুক্ত চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান গত বছরের ২৫ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তিনি অবসরে যান।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের জন্ম ১৯৫৯ সালের ১ মার্চ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে পেশাগত জীবন শুরু করা এই আইনজ্ঞ ১৯৮৫ সালে হাইকোর্ট বিভাগের এবং ২০০১ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরবর্তীতে ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান তিনি এবং ২০০৫ সালের ২৭ আগস্ট হাইকোর্টের বিচারপতি হিসেবে স্থায়ী হন।