বিনিয়োগকারীদের জন্য ইসলামি শরিয়াহভিত্তিক বন্ড বা ‘সুকুক’ বরাদ্দের নতুন হার পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নিয়মের ফলে বন্ডে বিনিয়োগের সুযোগ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য এখন থেকে ১০ শতাংশ বন্ড বরাদ্দ রাখা হয়েছে।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সব তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ইস্যু করা বন্ডের ৫০ শতাংশ বরাদ্দ পাবে শরিয়াহভিত্তিক ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি ও বিমা কোম্পানিগুলো। প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামিক ব্রাঞ্চ ও উইন্ডোজের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩০ শতাংশ। এছাড়া ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীরা পাবেন ১০ শতাংশ। বাকি ১০ শতাংশ বরাদ্দ দেওয়া হবে প্রচলিত ধারার ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, বিমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড, ডিপোজিট ইনস্যুরেন্স, ইনভেস্টমেন্ট কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান, গ্র্যাচুইটি ফান্ড ও মিউচুয়াল ফান্ডের জন্য।
এর আগের নিয়ম অনুযায়ী, শরিয়াহভিত্তিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমার পাশাপাশি প্রচলিত ধারার ইসলামি শাখা ও উইন্ডোজের জন্য মোট ৮০ শতাংশ বরাদ্দ ছিল। প্রচলিত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমার জন্য বরাদ্দ ছিল ৫ শতাংশ। অন্যদিকে, ব্যক্তি বিনিয়োগকারীদের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, ডিপোজিট ইনস্যুরেন্স, ইনভেস্টমেন্ট কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান, গ্র্যাচুইটি ফান্ড ও মিউচুয়াল ফান্ডের জন্য বরাদ্দ ছিল ১৫ শতাংশ।
নতুন এই বিন্যাসের ফলে ইসলামি ধারার ব্যাংক এবং ব্যক্তি বিনিয়োগকারীদের আবেদন সাপেক্ষে বন্ড পাওয়ার পথ আরও সুগম হবে। বর্তমানে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থায়নের জন্য সুকুক বন্ড ইস্যু করছে, যার মুনাফার হার ব্যাংকের মতোই। ইসলামি শরিয়াহভিত্তিক হওয়ায় এই বন্ডের প্রতি ব্যাংক, প্রতিষ্ঠান এবং ব্যক্তি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।