মুষলধারে বৃষ্টিও দমাতে পারেনি ফুটবলপ্রেমীদের। বৃষ্টির মধ্যেই সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দেখতে জড়ো হন হাজারো দর্শক। দীর্ঘদিন পর জেলা পর্যায়ে এমন আয়োজন ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন। সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল ইসলাম মঈন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা পৌরসভার সিও আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ মণ্ডল, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কণক এবং কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাবেক ফিফা রেফারি তৌয়েব হাসান শামসুজ্জামানসহ সংশ্লিষ্টরা।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শ্যামনগর উপজেলা একাদশ ও কলারোয়া উপজেলা একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লড়াইয়ে কলারোয়া উপজেলা দলকে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় শ্যামনগর উপজেলা দল।
খেলা শুরুর আগে সকাল থেকেই সাতক্ষীরায় বৃষ্টি হচ্ছিল। বিকেলেও বৃষ্টি অব্যাহত থাকলেও দর্শকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি। ছাতা মাথায় করে কিংবা বৃষ্টিতে ভিজেই মাঠের চারপাশে দাঁড়িয়ে ও গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন হাজারো মানুষ। দীর্ঘ বিরতির পর জেলা স্টেডিয়ামে ফুটবল ম্যাচের এমন দর্শকসমাগমে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন বলেন, “দীর্ঘদিন ধরে মানুষ খেলাধুলা থেকে অনেকটা দূরে ছিল। একটি ভালো দেশ ও জাতি গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সাতক্ষীরা ক্রীড়ার জন্য একটি উর্বর ভূমি। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার সঙ্গে তাদের সম্পৃক্ত করা জরুরি।”