বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে বগুড়ার সড়কে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু হতে যাচ্ছে। শুধু নারীদের জন্য নির্ধারিত এই বাসগুলোর রং হবে গোলাপি এবং বাসের গায়ে লেখা থাকবে ‘মহিলা বাস সার্ভিস’।

আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে শেরপুর-মাটিডালি রুটে দুটি বাস চলাচল শুরু করবে। এই সেবার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, বাসগুলো পরিচালনা করবেন নারী চালক ও নারী কন্ডাক্টর। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ সেবা চালু করা হচ্ছে বলে জানিয়েছে বিআরটিসি।

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস’ পরিচালনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। একই সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বগুড়াসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে এই বাস চলাচলের উদ্বোধন করা হবে।

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঁইয়া মুক্তকণ্ঠকে জানান, নারীদের জন্য চালু হওয়া বিশেষ এই বাস সার্ভিসে চালক ও কন্ডাক্টার হিসেবে নারী কর্মীরাই দায়িত্ব পালন করবেন। তিনি আরও জানান, প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাস চলাচল করবে। ঢাকার বাইরে বগুড়া ও চট্টগ্রামে দুটি করে বাসসহ আরও চারটি বাস এই সেবার সঙ্গে যুক্ত হবে।

বগুড়ার উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে বিআরটিসি কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, মঙ্গলবার সকালে বগুড়া বিআরটিসির ট্রেনিং গ্রাউন্ড চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

বিআরটিসি সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে পরীক্ষামূলকভাবে দেশে প্রথম নারীদের জন্য আলাদা বাস চালুর উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে ২০০১ সালে ঢাকা ও আশপাশের এলাকায় এই সেবা সম্প্রসারণ করা হয়। বিভিন্ন সময়ে বন্ধ ও পুনরায় চালুর উদ্যোগের পর ২০২২ সালের অক্টোবরে নারীদের জন্য বিশেষ এই পরিবহনসেবাটি বন্ধ হয়ে গিয়েছিল।