দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ধরা পড়ার ভয়ে নদীতে ইয়াবার প্যাকেট ফেলে দিয়েও রক্ষা পাননি দুই মাদক পাচারকারী। স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যদের হাতে আটক হওয়ার পর তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। পরবর্তীতে নদী থেকে ১ হাজার ১৩৭টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে ঘোড়াঘাট উপজেলার কুলানন্দনপুর গ্রামের করতোয়া নদীর বিশ্বনাথ ঘাট এলাকায়। আটককৃতরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কবলিপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৫৭) ও শাকিল মিয়া (২০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে কুলানন্দনপুর গ্রামের বিশ্বনাথ ঘাট দিয়ে মাদক পাচার হতে পারে বলে গোপন খবর পায় স্থানীয় মাদক নির্মূল কমিটি। এই তথ্যের ভিত্তিতে কমিটির কয়েকজন সদস্য ওই ঘাট এলাকায় গোপনে অবস্থান নেন। সেই সময় দুই অপরিচিত ব্যক্তি নদী পার হওয়ার জন্য একটি নৌকায় ওঠেন। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কমিটির সদস্যরা তাঁদের নাম ও পরিচয় জানতে চান।
পরিচয় জানতে চাওয়া হলে রফিকুল নামের ওই ব্যক্তি দ্রুত তাঁর কোমরের কোঁচড় থেকে পলিথিনে মোড়ানো কয়েকটি প্যাকেট বের করে নদীর পানিতে ফেলে দেন। বিষয়টি লক্ষ্য করে কমিটির সদস্যরা নৌকা নিয়ে নদীতে নেমে ফেলে দেওয়া প্যাকেটগুলো উদ্ধার করেন। প্যাকেটগুলো খুলে ভেতরে ১ হাজার ১৩৭টি ইয়াবা বড়ি পাওয়া যায়। মাদক উদ্ধারের পর স্থানীয় লোকজন রফিকুল ও শাকিলকে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ওই দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তিনি মুক্তকণ্ঠকে বলেন, "আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"