খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের সোনালি সময় কাটিয়ে এবার ভিন্ন এক ভূমিকায় শৈশবের ক্লাবে ফিরলেন সার্জিও বুসকেটস। বার্সেলোনার রিজার্ভ দল বার্সা আতলেতিকের কোচিং স্টাফে যোগ দিয়েছেন এই সাবেক স্প্যানিশ মিডফিল্ডার।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর প্রতিবেদন অনুযায়ী, বার্সা আতলেতিকের প্রধান কোচ জুলিয়ানো বেলেত্তির সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন বুসকেটস। একই সঙ্গে এই সময়ের মধ্যে তিনি নিজের কোচিং কোর্সও সম্পন্ন করবেন।

বার্সেলোনার হয়ে দীর্ঘ ১৫টি মৌসুম কাটানোর পর ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন বুসকেটস। সেখানে দুই বছর খেলার পর ২০২৫ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন তিনি। অবসরের পর কোচিং ক্যারিয়ারের প্রথম ধাপ শুরু করতে আবারও বার্সেলোনায় ফিরে এলেন তিনি।

তবে ক্যারিয়ারের শুরুতেই মূল দলের দায়িত্ব পাননি ৩৮ বছর বয়সী এই সাবেক মিডফিল্ডার। স্প্যানিশ ফুটবলের চতুর্থ স্তর সেগুন্দা আরএফইএফে খেলা বার্সা আতলেতিকের সঙ্গে কাজ করবেন তিনি। রিজার্ভ দলকে উচ্চতর স্তরে উন্নীত করার লড়াইয়ে কোচ বেলেত্তিকে সহায়তা করাই হবে তার মূল লক্ষ্য।

বুসকেটসের জন্য এই পথটি একেবারেই নতুন নয়। খেলোয়াড়ি জীবনের শুরুর দিকে পেপ গার্দিওলার অধীনে বার্সেলোনার রিজার্ভ দলের হয়ে খেলেছিলেন তিনি। সেই দলটি তৎকালীন তৃতীয় বিভাগ থেকে সেগুন্দা ডিভিশন বি-তে উন্নীত হয়েছিল। পরবর্তীতে গার্দিওলা তাকে মূল দলে সুযোগ করে দেন এবং তিনি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারে পরিণত হন।

নতুন এই ভূমিকায় লা মাসিয়া থেকে উঠে আসা তরুণ প্রতিভাদের গড়ে তোলার দায়িত্ব থাকবে বুসকেটসের কাঁধে। এব্রিমা তুনকারা, শেন ক্লুইভার্ট ও হামজা আবদেলকারিমের মতো উদীয়মান ফুটবলারদের সঙ্গে কাজ করবেন তিনি।

কোচিং ক্যারিয়ারের ক্ষেত্রে লুইস এনরিকে এবং পেপ গার্দিওলাকে সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে দেখেন বুসকেটস। এই দুই কোচের অধীনেই বার্সেলোনার হয়ে ট্রেবল জয় করেছেন তিনি। পরিসংখ্যান অনুযায়ী, গার্দিওলার অধীনে ১৯১টি এবং লুইস এনরিকের অধীনে ১৫০টি ম্যাচ খেলেছেন তিনি।

বার্সেলোনার একাডেমি থেকে উঠে এসে ক্লাবটির হয়ে অসংখ্য শিরোপা জেতার পর এবার নতুন প্রজন্মকে তৈরি করার দায়িত্ব নিলেন বুসকেটস। খেলোয়াড় হিসেবে যে পথ ধরে তিনি সাফল্যের শিখরে পৌঁছেছিলেন, কোচ হিসেবে সেই পথের শুরু থেকেও শুরু হচ্ছে তার জীবনের নতুন এক অধ্যায়।