ফেনীর সোনাগাজীতে ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর তথ্য সংগ্রহকারীর পদ থেকে পদত্যাগ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। পদত্যাগকারী ওই ব্যক্তির নাম মো. আব্দুল্লাহ আল জাবের। তিনি উপজেলার ১ নম্বর চর মজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ২ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় তিনি সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড শুমারির স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সভাপতি বরাবর লিখিত অব্যাহতিপত্র জমা দেন।

জানা গেছে, সম্প্রতি প্রকাশিত সোনাগাজী উপজেলার ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর চূড়ান্ত নিয়োগ তালিকায় ১ নম্বর চর মজলিশপুর ইউনিয়নের তথ্য সংগ্রহকারী পদে ৮ নম্বর ক্রমিকে মো. আব্দুল্লাহ আল জাবের নির্বাচিত হন। তবে ছাত্রলীগের ওই নেতার নিয়োগ পাওয়ার বিষয়টি মুক্তকণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

জমা দেওয়া পদত্যাগপত্রে আব্দুল্লাহ আল জাবের উল্লেখ করেন, "অনাকাঙ্ক্ষিত ও আকস্মিক পারিবারিক সমস্যার কারণে তার পক্ষে পদটিতে যোগদান করা সম্ভব হচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে পরিবারকে প্রয়োজনীয় সময় দেওয়া জরুরি হয়ে পড়ায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন।"

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল্লাহ আল জাবের বলেন, "আমি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি, এটিই আমার বড় সফলতা। তবে এখন আমার নিয়োগ পাওয়ার বিষয়টিকে কেউ কেউ ভিন্নভাবে দেখছেন। তাই বিতর্ক এড়াতে পদটি থেকে সরে যাওয়াকেই উত্তম মনে করে পদত্যাগপত্র জমা দিয়েছি।"

বিষয়টি নিশ্চিত করে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন জানান, "চর মজলিশপুর ইউনিয়নে তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগপ্রাপ্ত আব্দুল্লাহ আল জাবের পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।"