দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ আরও সক্রিয় ভূমিকা পালন করতে আগ্রহী।

সোমবার (১৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সার্কের বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সাক্ষাৎকালে সার্কের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মহাসচিব গোলাম সারওয়ার। তিনি সংস্থাটির সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, "সার্কের নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং উন্নয়ন সহযোগীদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি চলমান আছে।" এছাড়া আগামী ২০২৬ সালের শেষ নাগাদ সার্ক ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশের প্রত্যাশার কথা জানান তিনি। এই প্রক্রিয়ায় নিয়মিত রাজনৈতিক সম্পৃক্ততা, সাংস্কৃতিক উদ্যোগ এবং বৃহত্তর অংশীজনদের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বিদায়ী মহাসচিব।

গোলাম সারওয়ারের নেতৃত্বের প্রশংসা করে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, তার মেয়াদে সার্কের কার্যক্রমে যে গতি এসেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাশাপাশি সার্কের পরবর্তী মহাসচিবের দায়িত্ব গ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী এবং এই প্রক্রিয়ায় বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।