জনপ্রশাসনে বড় ধরনের পদোন্নতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আওতায় একসঙ্গে ২৭৭ জন সিনিয়র সহকারী সচিবকে পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়েছে।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। প্রথম প্রজ্ঞাপনে ২৬২ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়েছে। অন্যদিকে, দ্বিতীয় প্রজ্ঞাপনে বিদেশে বিভিন্ন দূতাবাসে কর্মরত আরও ১৫ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এবারের পদোন্নতির তালিকায় নিয়মিত কর্মকর্তাদের মধ্যে ৩১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যরা স্থান পেয়েছেন। পাশাপাশি বিভিন্ন বিসিএস ব্যাচের অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদেরও উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।