প্রশাসনের বিভিন্ন বিভাগ, দপ্তর এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনে কর্মরত ২৭৭ কর্মকর্তাকে একযোগে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এই সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রকাশিত প্রজ্ঞাপনগুলোর মধ্যে একটিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাস ও মিশনে কর্মরত ১৫ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মালয়েশিয়ার কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এ. এস. এম. জাহিদুর রহমান, সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মো. ইয়াছিন কবীর, ভারতের কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) মিজ সাবরীন চৌধুরী, মালয়েশিয়ার কুয়ালালামপুরের বাণিজ্য ও বাণিজ্যিক কার্যালয়ের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, ইতালির মিলানের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (কনসাল) মিজ মেহরুবা ইসলাম এবং জর্ডানের আম্মানস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মিজ উম্মে সালমা।
এছাড়া পদোন্নতি পেয়েছেন হংকংয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (শ্রম) জাহিদুর রহমান, লিবিয়া ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মো. রাসেল মিয়া, অস্ট্রেলিয়ার ক্যানবেরার শ্রম অফিসের প্রথম সচিব (শ্রম) নুর আহমেদ মাছুম, বাহরাইনের মানামার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মো. মাহফুজুর রহমান ও একই দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মো. সোহাগ হোসেন। তালিকায় আরও রয়েছেন সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের (সাতক্ষীরা) মো. আব্দুল জব্বার, গ্রিসের এথেন্সস্থ শ্রম অফিসের প্রথম সচিব (শ্রম, ময়মনসিংহ) মিজ মার্জিয়া সুলতানা, ইরানের তেহরানের কমার্শিয়াল কাউন্সিলর মিজ রাবেয়া সুলতানা এবং সৌদি আরবের জেদ্দার কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশের সাইলো অধীক্ষক (শ্রম) খন্দকার সেরাজুস সালেকীন।
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর প্রজ্ঞাপনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত ২৬২ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি প্রদান করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।