চলতি বছরের এসএসসি পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের সকল পরীক্ষার্থীর জিপিএ-৫ পাওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
রোববার (১৬ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জারি করা এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। শতভাগ জিপিএ-৫ পাওয়ার বিষয়টি এবং এর পেছনের প্রেক্ষাপট যাচাই করে বিস্তারিত ব্যাখ্যা দিতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, বিভিন্ন গণমাধ্যমে প্রতিষ্ঠানটির সব পরীক্ষার্থীর জিপিএ-৫ পাওয়ার খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি শিক্ষা বোর্ডের নজরে আসে। এরপর ফলাফলের সত্যতা যাচাই করতে এবং প্রতিষ্ঠানের অবস্থান জানতে শোকজ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, প্রতিষ্ঠানটির ফলাফল ও প্রয়োজনীয় তথ্যের ব্যাখ্যা পাওয়ার পর এবং পরবর্তী যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এই বিষয়ে নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের প্রধান শিক্ষক মো. ইমন আহমেদ বলেন, "শোকজের বিষয়ে আমরা অবগত আছি। আমাদের ৪৮৫ জন শিক্ষার্থীর মধ্যে ১০৩ জন টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় তারা এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি। বাকি ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। বিষয়টি নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। আমাদের সব কার্যক্রমে স্বচ্ছতা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আমরা বোর্ডকে জবাব দেব।"
উল্লেখ্য, ২০০৮ সালে থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা শহরের ভেলানগর এলাকায় নিজের ও স্ত্রীর নামে যৌথভাবে এই প্রতিষ্ঠানটি স্থাপন করেন। বর্তমানে প্রায় ৫ হাজার ২০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত এই বিদ্যালয়টি ১৭৪ জন তরুণ ও মেধাবী শিক্ষকের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।