গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে আরও ৮৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, গত একদিনে খুলনা বিভাগে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যাদের সংখ্যা ৪০৪ জন।
বিভাগীয় হিসেবে গত একদিনে খুলনা বিভাগে ১৫৩ জন, বরিশাল বিভাগে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ৯০ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫১ জন এবং রংপুর বিভাগে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ কেবল ঢাকা বিভাগেই মৃত্যু হয়েছে ৩৩ জনের। এছাড়া খুলনা বিভাগে ১৬ জন, বরিশাল বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন এবং চট্টগ্রাম বিভাগে ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।