ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল ঘোষণা করেছেন যে, বিষখালি নদীর কচুয়া-বেতাগী ফেরি পয়েন্টে সেতু নির্মাণ করা তার শপথ। স্থানীয় জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণে যেকোনো মূল্যে এই সেতু নির্মাণ করবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

রোববার (১৭ আগস্ট) দুপুরে কাঁঠালিয়া উপজেলার কচুয়া-বেতাগী ফেরিঘাট এলাকায় প্রস্তাবিত সেতু নির্মাণের স্থান পরিদর্শন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, "সমাজে যা ইচ্ছা তাই করলে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা যায় না। আর্মি, পুলিশ, বিজিবি, র‌্যাব থাকার পরও শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল।"

জাতীয় ঐক্য ও সুন্দর সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, "উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষ ঐক্যবদ্ধ থাকলে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এ কাজে সবাইকে সহযোগিতা করতে হবে।"

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার শরীফ খান, কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজামীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় বাসিন্দাদের মতে, বিষখালি নদীর ওপর কচুয়া-বেতাগী সেতু নির্মিত হলে দীর্ঘদিনের ফেরিনির্ভর যাতায়াত ব্যবস্থার অবসান ঘটবে। এর ফলে দুই পাড়ের মানুষের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।