চাঁদপুরের শাহরাস্তিতে অনুমতি ছাড়া সরকারি সড়কের পাশ থেকে গাছ কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় গাছের মূল্য বাবদ ৮ হাজার ৩০০ টাকা পৌরসভার তহবিলে জমা দিয়েছেন স্থানীয় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মনিরা খাতুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত পবিত্র ঈদুল আজহার ছুটির সময় শাহরাস্তি পৌরসভার সাহাপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনের সড়ক থেকে কয়েকটি গাছ কেটে নেওয়ার অভিযোগ ওঠে বিএনপি নেতা শেখ বেলায়েত হোসেন সেলিমের বিরুদ্ধে। এ ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।
পরবর্তীতে ঘটনার সত্যতা যাচাইয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা বন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্ত শেষে অনুমতি ছাড়া গাছ কাটার প্রমাণ পাওয়া গেলে অভিযুক্ত বিএনপি নেতাকে কেটে ফেলা গাছের নির্ধারিত মূল্য পরিশোধের নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের এই নির্দেশের পর শেখ বেলায়েত হোসেন সেলিম ৮ হাজার ৩০০ টাকা শাহরাস্তি পৌরসভার তহবিলে জমা দেন।
এ বিষয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মনিরা খাতুন জানান, ‘তদন্তে গাছ কাটার সত্যতা পাওয়ায় অভিযুক্ত ব্যক্তি পৌরসভার তহবিলে নির্ধারিত ৮ হাজার ৩০০ টাকা জমা দিয়েছেন। তিনি সংশ্লিষ্ট জায়গাটি লিজ নিয়েছিলেন, তবে সেখান থেকে গাছ কাটার কোনো আইনগত অনুমতি তার ছিল না।’
উল্লেখ্য, গাছ কাটার অভিযোগ ওঠার পর এর আগে শেখ বেলায়েত হোসেন সেলিম দাবি করেছিলেন, তিনি পৌরসভা থেকে সড়কটি লিজ নিয়ে নিজেই সেখানে গাছের চারা রোপণ করেছিলেন এবং বড় হওয়ার পর কেটে নেওয়া গাছগুলো মসজিদে দান করেছেন।