চলতি বছরের আগস্ট মাসের প্রথম ১৭ দিনেই প্রবাসী আয়ে বড় ধরনের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। এই সময়ে দেশে মোট ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ২১০ কোটি ১০ লাখ টাকা।
মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্স প্রবাহের এই তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যানুসারে, গত ১৭ আগস্ট একদিনেই দেশে ৯ কোটি ৮০ লাখ ডলার সমপরিমাণ প্রবাসী আয় এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকা।
গত বছর (২০২৫) আগস্টের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪২ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ বেড়েছে ৩২ দশমিক ৬০ শতাংশ।
অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১৭ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য গতি লক্ষ্য করা গেছে। এই সময়ে দেশে মোট ৪৭৪ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩৯০ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে অর্থবছরের প্রথম দেড় মাসে প্রবাসী আয় বেড়েছে ২১ দশমিক ৬০ শতাংশ।