বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিসিয়েন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের মধ্যে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি হয়।
সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি খাতের সহযোগিতা এবং দক্ষ মানবসম্পদ বিনিময়ের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ঢাকায় লিথুয়ানিয়ার একটি ভিসা সেন্টার স্থাপনের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বিদ্যমান ধারাবাহিক যোগাযোগ ও সহযোগিতার প্রশংসা করেন। বাংলাদেশের দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি লিথুয়ানিয়াকে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজতর করতে তিনি ঢাকায় লিথুয়ানিয়ার একটি ভিসা সেন্টার স্থাপনের অনুরোধ জানান।
অন্যদিকে, লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত শিক্ষা খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। আলোচনার শেষে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।