নাটোরের সিংড়ায় চলনবিলের ওপর দিয়ে নৌকায় খড় নিয়ে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ আলী নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের শহরবাড়ী গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ফরহাদ আলী সিংড়া উপজেলার কাউয়াটিকড়ী গ্রামের আতাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ও খড় ব্যবসায়ী ছিলেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এবং নিহতের পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, ফরহাদ আলী চলনবিলের শহরবাড়ী এলাকা থেকে বোরো ধানের খড় (আউর) কিনে নৌকায় করে তার নিজ গ্রাম কাউয়াটিকড়ীর দিকে যাচ্ছিলেন। পথে চলনবিলের ওপর দিয়ে টানা বৈদ্যুতিক তারের নিচ দিয়ে যাওয়ার সময় তার হাতে থাকা নৌকার বাঁশের লগিরটি তারের সংস্পর্শে আসে। এর ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর নৌকায় থাকা মাঝিসহ অন্যান্যরা মরদেহ ও নৌকাটি তার গ্রামের বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

বর্ষাকালে চলনবিলের বাসিন্দারা সংরক্ষিত বোরো ধানের খড় নৌকা বোঝাই করে এক স্থান থেকে অন্য স্থানে ক্রয়-বিক্রয়ের জন্য নিয়ে যান। এই সময়ে চলাচলের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।