জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের নতুন একটি মামলায় তিন সাংবাদিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা।
আজ সোমবার ট্রাইব্যুনাল-২ এই আদেশ প্রদান করেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৪ আগস্ট এই তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে।
আসামিদের পরিচয় প্রসঙ্গে জানা গেছে, শ্যামল দত্ত ভোরের কাগজের সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান সম্পাদক এবং ফারজানা রুপা একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। অন্যদিকে, অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে আছেন শ্যামল দত্ত। রাষ্ট্রপক্ষের অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানের সময় এই তিন সাংবাদিক উসকানি দিয়েছেন।