পটুয়াখালীর সদর উপজেলায় ফজরের নামাজ পড়ানোর উদ্দেশ্যে মসজিদে এসে সুন্নত নামাজের সেজদারত অবস্থাতেই মৃত্যুবরণ করেছেন হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ (৩৫) নামের এক ইমাম। সোমবার (১৭ আগস্ট) ভোরে মৌকরণ ইউনিয়নের শ্রীরামপুর বাজার জামে মসজিদে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোরে মসজিদে এসে ফজরের সুন্নত নামাজ শুরু করেন হাফেজ আতাউল্লাহ। নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায় যাওয়ার পর দীর্ঘ সময় পার হলেও তিনি আর উঠে না দাঁড়ালে উপস্থিত মুসল্লিদের মনে খটকা লাগে। পরে কাছে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে মুসল্লিরা বুঝতে পারেন, সেজদারত অবস্থাতেই তাঁর মৃত্যু হয়েছে।

মৃত হাফেজ আতাউল্লাহ পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের তালুকদার বাজার সংলগ্ন এলাকার মাওলানা আব্দুস সালামের একমাত্র সন্তান। তিনি গত দেড় বছর ধরে শ্রীরামপুর বাজার মসজিদে ইমাম ও খাতীবের দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদ্রাসা থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করা আতাউল্লাহ এলাকায় অত্যন্ত বিনয়ী ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

আতাউল্লাহর মামাতো ভাই মহিবুল্লাহ বলেন, "পরিবারের একমাত্র সন্তানকে এভাবে আকস্মিকভাবে হারিয়ে স্বজনেরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এমন শোক সহ্য করা কঠিন।"

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার জোহরের নামাজের পর শ্রীরামপুর বাজার মসজিদ মাঠে প্রথম এবং আসরের নামাজ শেষে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা সম্পন্ন হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।