নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর বাড়ির সামনের একটি পুকুর থেকে এক কলেজশিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একটি মসজিদের পুকুর থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।

নিহত মাহমুদুন নবী ওরফে সম্রাট (৩২) ওই এলাকার মইনুল হক রতনের সেজো ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বাংলাবাজার ওয়েস্ট ব্যাংক কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৬ আগস্ট) থেকে মাহমুদুন নবী নিখোঁজ ছিলেন। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার সকালে মাওলানা আলী আহাম্মদের বাড়ির সামনের মসজিদের পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। তবে মৃত্যুটি হত্যা নাকি দুর্ঘটনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এই বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।"