কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে যমজ দুই ভাই জাহিদ হাসান ও কাইফ হোসাইন। তারা উপজেলা সদরের দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এই সাফল্য অর্জন করেছে।
জাহিদ হাসান ও কাইফ হোসাইন মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের চরকাঠাঁলিয়া গ্রামের ব্যবসায়ী আবুল কালাম ও গৃহিণী নাছরিন আক্তার দম্পতির ছেলে। একই পরিবারের যমজ দুই ভাইয়ের এমন কৃতিত্বে মা-বাবা, স্বজন এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তারা জানিয়েছে, ‘ভবিষ্যতে তারা দেশসেরা বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলী হতে চায় এবং সারা জীবন মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে চায় বলে তারা জানায়।’
জিপিএ-৫ পেয়ে জাহিদ ও কাইফ আনন্দিত। এ সাফল্যের জন্য তারা শিক্ষক ও মা-বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতে দেশসেরা বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলী হয়ে সারা জীবন মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে চায় বলে জানিয়েছে।
তাদের বাবা মো. আবুল কালাম মুক্তকণ্ঠকে বলেন, ‘আমার দুই ছেলের একসঙ্গে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা এবং একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা। দুজনই এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পাওয়ায় পরিবারের সবাই আনন্দিত।’
দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন মুক্তকণ্ঠকে বলেন, যমজ দুই ভাই সব বিষয়ে জিপিএ-৫ পাওয়ায় শিক্ষার্থীরা ব্যানার নিয়ে বিদ্যালয় ফটকে দাঁড়িয়ে আনন্দ উৎসবও করেছে।