নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় জীবন হোসেন নামের ১৪ বছর বয়সী এক কিশোর প্রাণ হারিয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত কিশোর জীবন বেগমগঞ্জ উপজেলার কাজিনগর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। জানা গেছে, বাবার মোটরসাইকেলে চড়ে সোনাইমুড়ী বাজার থেকে বাড়িতে ফেরার পথে এই মর্মান্তিক ঘটনার শিকার হয় সে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বজরা বাজারের উত্তর পাশে ইউটার্ন নেওয়ার সময় একটি বালুভর্তি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় জীবন হোসেন। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনা প্রসঙ্গে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মোহাম্মদ শাখাওয়াত হোসেন মুক্তকণ্ঠকে বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত কিশোরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"