রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩।

সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিট ৩০ সেকেন্ডে এই ভূমিকম্পটি অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে নরসিংদীর শিবপুরে। এর অবস্থান ছিল ২৪.০০ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯০.৭৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

স্বল্পমাত্রার এই কম্পন ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।