ট্রেনে টিকিট না কেটে ভ্রমণ করায় অনুশোচনা থেকে সরকারি কোষাগারে দুই হাজার টাকা জমা দিয়েছেন রবিউস সানি অভি নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। বগুড়ার বাসিন্দা অভি শুধু নিজের নয়, বরং তার সঙ্গে ভ্রমণ করা বন্ধুদের টিকিটের মূল্যও পরিশোধ করেছেন।

গত রোববার (১৬ আগস্ট) বগুড়া রেলওয়ে স্টেশনে সরকারি কোষাগারে ওই অর্থ জমা দেন তিনি। স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জমার রসিদটি গ্রহণ করেন।

জানা গেছে, রবিউস সানি অভি বগুড়া শহরের উপশহর ঝোপগাড়ী প্রাথমিক বিদ্যালয়ের পাশের এলাকার বাসিন্দা। তিনি মৃত খোরশেদ আলমের পুত্র এবং বর্তমানে পুণ্ড্র ইউনিভার্সিটির ট্রিপল-ই বিভাগের শেষ বর্ষে পড়াশোনা করছেন।

নিজের এই পদক্ষেপের বিষয়ে অভি বলেন, "গত দুই বছরে তিনি বন্ধুদের সঙ্গে অনেকবার সান্তাহারে গেছেন। এ সময় ট্রেনে বহুবার ভ্রমণ করলেও তাদের টিকিট কেউ পরীক্ষা করেননি।" পরবর্তীতে বিষয়টি মনে পড়লে তিনি অনুশোচনা বোধ করেন।

তিনি আরও বলেন, "বিবেকের কাছে বাধা ছিলাম। তাই ফ্রি ভ্রমণের টাকাটা সরকারি কোষাগারে জমা দিয়েছি। আমার সঙ্গে যেসব বন্ধু ছিল, তাদের টাকাও দিয়ে দিয়েছি।"

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, "রবিউস সানি অভি সরকারি কোষাগারে দুই হাজার টাকা জমা দিয়েছেন এবং এর রসিদ গ্রহণ করেছেন।"