উত্তরবঙ্গের প্রায় চার কোটি মানুষের চিকিৎসার প্রধান কেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে আগামী ৩০ দিনের মধ্যে সম্পূর্ণ নতুন করে সাজানো হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এই ঘোষণা দিয়েছেন।
রোববার (১৬ আগস্ট) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ছয়তলা আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাসপাতালের সেবার মানোন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, "হাসপাতালের বিদ্যমান সব ধরনের অসঙ্গতি দূর করে নবউদ্যমে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হবে। এ জন্য জনবলসংকট নিরসন, আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম সরবরাহ এবং হাসপাতালের অবকাঠামোগত ও সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"
তিনি আরও জানান, রোগীদের সেবার মান বাড়াতে আউটসোর্সিংয়ের মাধ্যমে লোকবল নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং দালালমুক্ত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। মন্ত্রী স্পষ্ট করে বলেন, "আগামী ৩০ দিনের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে নতুন করে সাজানোর একটি সুস্পষ্ট রূপরেখা জনগণের সামনে তুলে ধরা হবে।"
অনুষ্ঠানে তিস্তা নদীর পানি সংকট নিয়েও কথা বলেন ত্রাণমন্ত্রী। তিনি বলেন, "শুকনো মৌসুমে তিস্তায় পানির খুবই সংকট। আমরা যদি উজান থেকে পানি না পাই এবং পার্শ্ববর্তী দেশ যদি পানি না দেয়, তাহলে আমাদেরকে পানি ধরে রাখতে হবে।"
উক্ত অনুষ্ঠানে সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট রেবেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।