ইতালির রোমের পর এবার নেপালের কাঠমান্ডুতে যান্ত্রিক ত্রুটির কারণে গ্রাউন্ডেড হয়ে পড়ল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দীর্ঘ সময় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে ১২৭ জন যাত্রীকে।
বোর্ডিং পাস অনুযায়ী, রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল বিমান বাংলাদেশের বিজি-৩৭২ ফ্লাইটটির। এর জন্য বিকেল ৩টায় বোর্ডিং প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় ফ্লাইটটি গ্রাউন্ডেড করা হয়। ফলে ১২৭ জন যাত্রী রাত ১০টা পর্যন্ত কাঠমান্ডু বিমানবন্দরে আটকে থাকেন।
আটকে পড়া যাত্রীদের অভিযোগ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণেই একের পর এক উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। এর ফলে নির্ধারিত সময়ের ফ্লাইটগুলো ঘণ্টার পর ঘণ্টা বিলম্বিত হচ্ছে এবং যাত্রীদের ভোগান্তি বাড়ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানিয়েছে, কাঠমান্ডুতে বিজি-৩৭২ ফ্লাইটটি গ্রাউন্ডেড হওয়ার পর আটকে পড়া যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে বিকল্প আরেকটি উড়োজাহাজ পাঠানো হয়েছে। ওই বিমানের মাধ্যমেই যাত্রীদের ঢাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
রোববার মধ্যরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মহিউদ্দিন খান মুক্তকণ্ঠকে বলেন, "কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে বিজি-৩৭৪ ফ্লাইটটি ছেড়ে গেছে। ফ্লাইটটি স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।"
উল্লেখ্য, এর আগে গত ৭ আগস্ট রিফুয়েলিংয়ের জন্য রোমের দা ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণের পর যান্ত্রিক ত্রুটির মুখে পড়েছিল টরন্টো-ঢাকাগামী বিজি-৩০৬ ফ্লাইটটি। এতে প্রায় আড়াই শতাধিক যাত্রী ভোগান্তির শিকার হন। তাদের ফিরিয়ে আনতে আরেকটি উড়োজাহাজ পাঠানো হলেও আটকে পড়া যাত্রীরা দুই দিন পর, ৯ আগস্ট ঢাকায় পৌঁছান।