দেশের সাংস্কৃতিক ঐতিহ্যচর্চার প্রতিষ্ঠান ছায়ানট সংগীত শিক্ষা কার্যক্রম নতুনভাবে সম্প্রসারণ করেছে। রোববার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘প্রবাসী ও ঢাকার বাইরের সংগীতানুরাগীদের জন্য অনলাইন প্রশিক্ষণ’ নামের কার্যক্রম। এর মাধ্যমে ছায়ানটের সংগীত শিক্ষায় আগ্রহীরা আর কেবল ধানমন্ডির কার্যালয়ে এসে অংশ নিতে পারবেন না; দেশের যেকোনো প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী সংগীতানুরাগীরাও অনলাইনে যুক্ত হতে পারবেন।
কার্যক্রমের সূচনা উপলক্ষে রোববার বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছায়ানট সংস্কৃতি–ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের শুরুতে ছায়ানটের সাংগীতিক ঐতিহ্য অনুযায়ী সমবেত কণ্ঠে ‘মানুষ হ, মানুষ হ, আবার তোরা মানুষ হ’ গানটি পরিবেশন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছায়ানটের সভাপতি সারওয়ার আলী, সাধারণ সম্পাদক লাইসা আহমদ, ছায়ানট সংগীত বিদ্যায়তনের নবনিযুক্ত অধ্যক্ষ সেলিনা মালেক চৌধুরী এবং অনলাইন সংগীত শিক্ষার চার প্রশিক্ষক শিল্পী শারমিন সাথী ইসলাম, মোস্তাফিজুর রহমান, বিমান চন্দ্র বিশ্বাস ও টিংকু কুমার শীল।
সাধারণ সম্পাদক লাইসা আহমদ সংবাদ সম্মেলনে বলেন, ছায়ানটে সংগীত শিক্ষার কার্যক্রম এত দিন ঢাকার ছায়ানট সংস্কৃতি–ভবনেই সীমাবদ্ধ ছিল। দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশে যে সংগীতানুরাগীরা রয়েছেন তাঁদের পক্ষে ছায়ানটের সংগীত শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ ছিল না। ২০১৪ সাল থেকে সহস্র কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন আয়োজনের মধ্য দিয়ে ছায়ানটের ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর বিভিন্নমুখী উদ্যোগের ভেতর দিয়ে ডিজিটাল মাধ্যমে ছায়ানটের সক্ষমতা বেড়েছে। এর ফলে এখন সংগীত শিক্ষা কার্যক্রমকে সম্প্রসারিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এখন থেকে ‘সংগীত-পরিচয়’ শিরোনামে প্রতি রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও লোকসংগীতের শিক্ষাদানের কার্যক্রম চলবে। এই কার্যক্রমে ইতিমধ্যে বয়সভেদে, ‘শিশু-কিশোর ’এবং ‘সাধারণ’ শাখায় ১২১ জন অন্তর্ভুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের ১২ জন, ইউরোপের ৭ জন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ভারতের ৯ জন এবং দেশের ভেতরের ৯৩ জন।
এ ছাড়া অনলাইনে পরের ধাপে ‘নিবিড় শিক্ষণ’–এ যুক্ত হবেন অগ্রসর গাইয়েরা। এতে গান শেখাবেন তিন গুণী শিল্পী ও শিক্ষক কিরণ চন্দ্র রায় (লোকসংগীত), খায়রুল আনাম শাকিল (নজরুলসংগীত) ও লাইসা আহমদ (রবীন্দ্রসংগীত)। এই ক্লাস শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর। ছায়ানটের ওয়েবসাইট থেকে এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।
সভাপতির বক্তব্যে সারওয়ার আলী বলেন, ছায়ানট এখন দেশের সবচেয়ে বড় সংগীত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী বিভিন্ন মেয়াদের কার্যক্রমে সংগীত শিক্ষা করছেন। এবার ছায়ানটের সংগীত শিক্ষা কার্যক্রম ভবনের সীমা অতিক্রম করে সারা দেশে ও দেশের বাইরে বিশ্বব্যাপী বৃহৎ পরিসরে বিস্তৃত হলো। এটা খুবই আনন্দের বিষয়।