কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখা। রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।
কুষ্টিয়া ডিসি কোর্ট প্রাঙ্গণে জামায়াত, ছাত্রশিবিরসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের কয়েকশ নেতাকর্মী একত্রিত হন। বিকেল ৫টার দিকে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ডিসি কোর্ট প্রাঙ্গণ থেকে মজমপুর ও এনএস রোড প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে ছয় রাস্তা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘প্রশাসন জবাব দাও’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তারা উল্লেখ করেন, একজন সংসদ সদস্যের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে হামলা, ভাঙচুর ও সন্ত্রাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতাকর্মীরা।
এ কর্মসূচিতে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক, সুজাউদ্দিন জোয়ারদারসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড় এলাকায় গণঅধিকার পরিষদ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সেই সময় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদেই আজকের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এদিকে, রোববার দুপুরে জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে গাড়িবহরে হামলার প্রতিবাদে একটি সংবাদ সম্মেলন করেন এমপি মুফতি আমির হামজা। ওই সংবাদ সম্মেলনে তিনি একটি লিখিত বক্তব্য পাঠ করেন।