ধারণক্ষমতা কম হওয়া বা ধীরগতির কারণে অনেক সময় পুরোনো ইউএসবি ড্রাইভ অব্যবহৃত হয়ে পড়ে। অনেকেই এই ড্রাইভগুলো সরাসরি ময়লার ঝুড়িতে ফেলে দেন, যা তথ্যের গোপনীয়তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ, সাধারণ পদ্ধতিতে ফাইল মুছে ফেললেও তা পুরোপুরি নিশ্চিহ্ন হয় না।

কম্পিউটারে কোনো ফাইল ডিলিট করলে সিস্টেম কেবল সেই জায়গাটিকে খালি হিসেবে চিহ্নিত করে, কিন্তু তথ্যের কিছু অংশ ড্রাইভে থেকে যায়। ফলে বিশেষ সফটওয়্যারের সাহায্যে সেই মুছে ফেলা তথ্য পুনরায় উদ্ধার করা সম্ভব। বিশেষ করে করের নথি, পরিচয়পত্রের স্ক্যান কপি বা ব্যক্তিগত ছবির মতো সংবেদনশীল তথ্য থাকলে তা অন্য কারও হাতে পড়লে অপব্যবহারের আশঙ্কা থাকে। তাই ড্রাইভটি বর্জন করার আগে তথ্য নিরাপদে মুছে ফেলা জরুরি।

উইন্ডোজ বা ম্যাক কম্পিউটারে কোনো বিশেষ সফটওয়্যার ছাড়াই ইউএসবি ড্রাইভ, হার্ডডিস্ক বা বাহ্যিক এসএসডি ফরম্যাট করা সম্ভব। প্রথমে ড্রাইভটি কম্পিউটারে যুক্ত করে প্রয়োজনীয় ফাইলগুলো অন্য নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে।

উইন্ডোজ ব্যবহারকারীদের ক্ষেত্রে ‘ফাইল এক্সপ্লোরার’ থেকে ‘দিস পিসি’ নির্বাচন করে ‘ডিভাইসেস অ্যান্ড ড্রাইভস’ অংশে সংযুক্ত ইউএসবি ড্রাইভটি খুঁজে নিতে হবে। এরপর ড্রাইভটির ওপর রাইট ক্লিক করে ‘ফরম্যাট’ অপশনে যেতে হবে। নতুন উইন্ডোতে ফরম্যাটের বিভিন্ন অপশন দেখা যাবে। যেহেতু ড্রাইভটি ফেলে দেওয়া হবে, তাই সেটিং পরিবর্তনের প্রয়োজন নেই, তবে ‘কুইক ফরম্যাট’ অপশনটি নির্বাচন করা যাবে না। সবশেষে ‘স্টার্ট’ বাটনে ক্লিক করে ফরম্যাট প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

যদি তথ্যের গুরুত্ব অত্যন্ত বেশি হয় অথবা ড্রাইভটি কম্পিউটারে শনাক্ত না হয়, তবে শারীরিকভাবে তা নষ্ট করে ফেলা সবচেয়ে নিরাপদ। যান্ত্রিক হার্ডডিস্ক বা এইচডিডি-র ক্ষেত্রে হাতুড়ি ও পেরেক দিয়ে আবরণে ছিদ্র করলে ভেতরের তথ্য সংরক্ষণকারী প্ল্যাটার ক্ষতিগ্রস্ত হয়, ফলে তথ্য উদ্ধার করা কঠিন হয়ে পড়ে।

অন্যদিকে, এসএসডি বা ফ্ল্যাশ ড্রাইভের ক্ষেত্রে প্রথমে বাইরের আবরণ খুলে মেমোরি চিপগুলো বের করতে হয়। এই চিপগুলো সাধারণত সার্কিট বোর্ডের সাথে যুক্ত কালো ও আয়তাকার অংশ। মেরামতবিষয়ক ওয়েবসাইট আইফিক্সিটের পরামর্শ অনুযায়ী, ছেনি, ড্রেমেল বা ড্রিল ব্যবহার করে এই মেমোরি চিপগুলো ক্ষতিগ্রস্ত করা সম্ভব।

তবে ড্রাইভ শারীরিকভাবে নষ্ট করার সময় সতর্ক থাকা প্রয়োজন। এইচডিডি বা এসএসডিতে ব্যাটারির মতো রাসায়নিক না থাকলেও, ভাঙার সময় ধারালো ধাতব অংশ বা ফাইবারের টুকরা ছিটকে গিয়ে আঘাত করতে পারে।

সবশেষে মনে রাখতে হবে, তথ্য মুছে ফেলা বা ড্রাইভ নষ্ট করার পর তা সাধারণ আবর্জনার সাথে ফেলা উচিত নয়। ইউএসবি ড্রাইভ, এসএসডি ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র ই-বর্জ্যের অন্তর্ভুক্ত। তাই এগুলো নির্ধারিত ই-বর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্রে জমা দেওয়া শ্রেয়।

পুরোনো ইউএসবি ড্রাইভ ছোট বা মূল্যহীন মনে হলেও এর ভেতরে থাকা তথ্যের গুরুত্ব অপরিসীম। তাই এটি ফেলে দেওয়ার আগে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করাই হবে বুদ্ধিমানের কাজ।

সূত্র: এনগ্যাজেট