লক্ষ্মীপুরের রামগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণের পর সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাতে এক বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে— রাশেদুল হাসান (৪২), মোরশেদুল আমিন (৩৫), পারভেজ হোসেন (২৪), ফয়সাল হোসেন (৩১) ও মো. মুরাদ (২৪)। এদের মধ্যে রাশেদুল হাসান রামগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং রামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। এছাড়া মোরশেদুল আমিন রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে রামগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এই কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ রাতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, "রামগঞ্জ শিশুপার্ক এলাকায় তাঁরা হঠাৎ এসে কিছু শিশু ও নারীকে খাবার বিতরণ করে চলে যায়। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আগেই থানায় সন্ত্রাস দমন আইনে মামলা ছিল। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।"